বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর বিজয়ে উল্লাসে মাতলেন ফুলপুর উপজেলা যুবলীগ নেতা সোহেল
ময়মনসিংহের ফুলপুর উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনোয়ারুল করিম সোহেল দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ময়মনসিংহ-১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী সালমান ওমর রুবেলের পক্ষে অবস্থান নেন। ১২ তারিখ অনুষ্ঠিত নির্বাচনে রুবেলের বিজয়ের পর সোহেল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীকে অভিনন্দন জানিয়ে তার সঙ্গে একটি ছবি পোস্ট করেন।
প্রকাশিত ছবিতে সোহেলকে বিজয়ী প্রার্থীর পাশে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। পোস্টে তিনি শুভেচ্ছা বার্তা দেন। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আনোয়ারুল করিম সোহেল ফুলপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেলের ছোট ভাই। তার এ অবস্থান স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নির্বাচন বয়কটের ডাক দেওয়ার পরও সোহেলের এমন অবস্থানকে দলের অনেক নেতাকর্মী ও সমর্থক ইতিবাচকভাবে নিচ্ছেন না। বিষয়টি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
ফুলপুরের রাজনৈতিক মহলে এ নিয়ে ভিন্নমত দেখা গেছে। একাংশ এটিকে ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান হিসেবে দেখলেও, অন্যদের মতে এটি দলীয় সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক।
0 Comments