বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ নেতা সজীব ওয়াজেদ জয় আজ ২ ফেব্রুয়ারি কলকাতায় এক জনসমাবেশে প্রকাশ্য ভাষণ দিতে যাচ্ছেন।
ভারতের মাটিতে তাঁর এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এই ঘোষণা এসেছে এমন এক সময়, যখন কয়েক দিন আগেই শেখ হাসিনা নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে অডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন। মা ও ছেলের পরপর বক্তব্যকে কাকতালীয় নয় বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তার অংশ।
বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চরম টানাপোড়েন চলছে। নির্বাচন, সরকার কাঠামো ও রাজনৈতিক বৈধতা নিয়ে বিতর্কের মধ্যেই ভারতের মাটিতে আওয়ামী লীগ-ঘনিষ্ঠ নেতৃত্বের প্রকাশ্য বক্তব্য ঢাকায় নতুন করে রাজনৈতিক চাপ ও কূটনৈতিক আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের মতো প্রভাবশালী প্রতিবেশী দেশে এমন প্রকাশ্য রাজনৈতিক উপস্থিতি শুধু দলীয় বার্তা নয়, বরং আন্তর্জাতিক মহলেও একটি সংকেত দিতে পারে। এতে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠতে পারে।
এ বিষয়ে এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহল মনে করছে, সজীব ওয়াজেদ জয়ের কলকাতা সফর ও ভাষণ ভবিষ্যৎ রাজনীতির ইঙ্গিত বহন করছে, যার প্রভাব ঢাকায় পড়বে নিশ্চিতভাবেই।
0 Comments