গৃহকর্মী নির্যাতনের অভিযোগে বিমানের এমডি সাফিকুর রহমান ও তার স্ত্রী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর উত্তরায় ১১ বছরের এক শিশু গৃহকর্মীর ওপর অমানুষিক নির্যাতনের অভিযোগে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাফিকুর রহমান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ শেষে বাংলাদেশ বিমানে কর্মজীবন শুরু করেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিমানের পরিচালক (প্রশাসন) থেকে পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথী দীর্ঘদিন ধরে তাদের উত্তরার বাসায় ওই শিশু গৃহকর্মীর ওপর নির্মম নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি নির্যাতনের মাত্রা চরম আকার ধারণ করলে বিষয়টি জানাজানি হয়।
নির্যাতনের শিকার ওই শিশুর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা অত্যন্ত বিভীষিকাময়। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী-স্ত্রী উভয়কেই হেফাজতে নেয়।
একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার বাসায় এমন অমানবিক নির্যাতনের ঘটনায় এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ এই পৈশাচিক আচরণের সুষ্ঠু বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
উত্তরা থানা পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
0 Comments