দলীয় সিদ্ধান্ত উপেক্ষা: মাদারীপুরে বিএনপি প্রার্থীর পক্ষে আওয়ামী লীগ নেতা লিটন চৌধুরীর ‘অবস্থান’
নিজস্ব প্রতিবেদক | মাদারীপুর
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভোট বর্জনের ঘোষণা সত্ত্বেও মাদারীপুর-১ (শিবচর) আসনে এক অভূতপূর্ব রাজনৈতিক দৃশ্যপট তৈরি হয়েছে। সংসদের সাবেক চিফ হুইপ এবং এই আসনের সাবেক এমপি নূর-ই-আলম চৌধুরী লিটনের নির্দেশনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীর পক্ষে মাঠে নেমেছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নূরে আলম চৌধুরী লিটনের নির্দেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাদারীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সম্প্রতি শিবচরে আয়োজিত এক উঠান বৈঠকে আওয়ামী লীগ নেতাদের ধানের শীষের পক্ষে ভোট চাইতে দেখা গেছে, যেখানে তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে বিএনপির প্রার্থীর জয় নিশ্চিত করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লিটন চৌধুরীর এই পদক্ষেপ কেন্দ্রীয় নির্দেশনার সরাসরি পরিপন্থী। শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষ থেকে যেখানে ভোট বর্জনের ডাক দেওয়া হয়েছে, সেখানে তার ফুফাতো ভাইয়ের ছেলে লিটনের এমন অবস্থান এলাকায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ও উত্তজনা সৃষ্টি করেছে। অনেক ভোটার ও স্থানীয় নেতা এই আচরণকে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এক ‘অস্বাভাবিক কৌশল’ হিসেবে দেখছেন।
নির্বাচনী ময়দানে নাদিরা আক্তারের পাশে শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়রসহ অনেক প্রভাবশালী নেতাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে। তারা বলছেন, ‘সবার আগে শিবচর’—এই নীতিতে তারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে চান।
এদিকে, দীর্ঘদিন পলাতক থাকার পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের এভাবে বিএনপি প্রার্থীর হয়ে মাঠে নামা এবং দলের কেন্দ্রীয় আনুগত্য বজায় রাখা নিয়ে সাধারণ নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মাদারীপুরের এই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এখন জাতীয় রাজনীতিরও নজর কেড়েছে।
0 Comments