রায়পুরায় ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধে কিশোর নি/হত



রায়পুরায় আধিপত্য বিস্তারের লড়াইয়ে প্রাণ গেল স্কুলছাত্রের, গুলিবিদ্ধ আরও ৩

​নিজস্ব প্রতিবেদক | রায়পুরা (নরসিংদী)

​নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে ভয়াবহ সংঘর্ষে এক স্কুলশিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।

​নিহত মুস্তাকিম মিয়া (১৪) ওই এলাকার সৌদি প্রবাসী মাসুদ রানার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সায়দাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে হানিফ মাস্টার এবং এরশাদ মিয়ার অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই গোষ্ঠীগত দ্বন্দ্বে এর আগে উভয় পক্ষের নারীসহ ৮ জন প্রাণ হারিয়েছেন। 

বুধবার সকালে এরশাদ গ্রুপের লোকজন দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষের বাড়িতে হামলা চালালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এরশাদ গ্রুপের সাবেক মেম্বার ফিরোজের ভাতিজা মাসুম ওরফে চায়নার গুলিতে ঘটনাস্থলেই মুস্তাকিমের মৃত্যু হয়।

​নিহতের মা শাহানা বেগম আহাজারি করে বলেন, "সকালে মুস্তাকিম ঘরের সামনে দাঁড়িয়ে ছিল। আমরা কোনো দলাদলির মধ্যে নেই, তবুও আমার ছেলেকে গুলি করে মারা হলো। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।"

​রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিমল চন্দ্র ধর জানান, মুস্তাকিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বাম পাশে গুলির চিহ্ন পাওয়া গেছে যা ছিদ্র হয়ে বেরিয়ে গেছে। গুলিবিদ্ধ অন্য আহতরা হলেন—রফিকুল ইসলাম (৩৭), সোহান (২৬) ও রোজিনা বেগম (৩৫)।

​রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments