কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর আ. লীগ নেতার মৃত্যু



চমেক হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান (৭০) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহত আব্দুর রহমান নগরীর ২৪ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ। নিহত আব্দুর রহমান নগরীর ডবলমুরিং থানাধীন উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়ার মৃত জইন উদ্দিন দরফ আলীর ছেলে।

কারা কর্তৃপক্ষ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, আব্দুর রহমান কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলার আসামি ছিলেন। গত বছরের ১৭ নভেম্বর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। কারাগারে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ডিসেম্বর তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে প্রায় এক মাস চিকিৎসা শেষে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে গত ১৮ জানুয়ারি তাকে পুনরায় কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আব্দুর রহমান ফের অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে গত ২৬ জানুয়ারি তাকে আবারও চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

Post a Comment

0 Comments